সারাদেশে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:১১ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারাদেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ, উৎপাদনশীলতা কমছে: বিশ্বব্যাংক

এ সময় দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা এ ধরনের আবহাওয়ার পেছনে ভূমিকা রাখছে।

আরও পড়ুন: ঢাকাসহ ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

এছাড়া শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।