দেশের ১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ন, ১২ মে ২০২৬ | আপডেট: ৯:৪১ পূর্বাহ্ন, ১২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ঢাকাসহ ১০ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে। এজন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: ১৫ জেলার নিম্নাঞ্চলে নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর শ্রীলংকা উপকূলের কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে।

সংস্থাটি আরও জানিয়েছে, দেশের তিন বিভাগে টানা তিনদিন মাঝারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।