১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ন, ১৪ মে ২০২৬ | আপডেট: ১০:৫১ পূর্বাহ্ন, ১৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের ১০ জেলার ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃসতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৪ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন: ঢাকাসহ ১০ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

এ সময় অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর পুনঃসতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় বিস্তৃত রয়েছে।

আরও পড়ুন: ১৫ জেলার নিম্নাঞ্চলে নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে

এই লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে।

তবে আপাতত দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।