১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২০ অপরাহ্ন, ১৪ জুন ২০২৬ | আপডেট: ১:২০ অপরাহ্ন, ১৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৪ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ, উৎপাদনশীলতা কমছে: বিশ্বব্যাংক

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন: ঢাকাসহ ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর এই সতর্কবার্তায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পাশাপাশি নদীপথে চলাচলকারী যাত্রী ও জেলেদের প্রয়োজনীয় সাবধানতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।