ছয় অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:৫০ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার (১৬ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন: মেরী স্টোপস বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এ সময় এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন: দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আভাস

বৃষ্টির কারণে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এদিকে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় নদীপথে চলাচলকারী নৌযান ও সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।