টানা বৃষ্টির দাপটে জনদুর্ভোগ বাড়ার শঙ্কা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:২১ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আকাশজুড়ে মেঘ, থেমে থেমে বৃষ্টি আর দমকা হাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবনে নেমে আসতে পারে নতুন ভোগান্তি। মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ। এতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, রাস্তাঘাটে দুর্ভোগ এবং স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার (৫ সেপ্টেম্বর) থেকে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোনো কোনো এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

আরও পড়ুন: ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

শনিবার আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আরেকটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আবহাওয়া অধিদফতরের ভাষ্য অনুযায়ী, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে।

আরও পড়ুন: সাত অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

আজও বৃষ্টির বিস্তার: 

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে এ সময় দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

রোববার আরও বিস্তৃত হতে পারে বৃষ্টি:

রোববার (৬ সেপ্টেম্বর) দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ দিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবারও স্বস্তি মিলবে না: 

সোমবার (৭ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়ও বৃষ্টি হতে পারে।

এ দিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার- বুধবারেও বৃষ্টির ধারা:

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকাতেও বৃষ্টি হতে পারে। দেশের কোনো কোনো এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে। এ দিন সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ফেনীতে ৬১ মিলিমিটার বৃষ্টি:

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সিলেটে।

আবহাওয়ার এই পরিস্থিতিতে বৃষ্টিপ্রবণ এলাকার বাসিন্দাদের পাশাপাশি পথচারী, শিক্ষার্থী, কর্মজীবী ও নিম্নাঞ্চলের মানুষের ভোগান্তি বাড়তে পারে। বিশেষ করে টানা কিংবা ভারী বর্ষণ হলে নগরাঞ্চলে জলাবদ্ধতা এবং গ্রামাঞ্চলের নিচু এলাকায় পানি জমে যোগাযোগ ও দৈনন্দিন কর্মকাণ্ড ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বজ্রসহ বৃষ্টির সময় খোলা জায়গা ও জলাশয়ের কাছাকাছি অবস্থান না করার পরামর্শও রয়েছে সংশ্লিষ্টদের।