কমতে পারে গরম, আজও বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:০৪ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাপমাত্রা বেড়ে গরমের অনুভূতি তৈরি হয়েছে। তবে বুধবার (১৬ সেপ্টেম্বর) তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকাসহ দেশের ২৫টি জেলা মৃদু তাপপ্রবাহের মধ্যে ছিল। ওই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফেনীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: চার অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুন: ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, বাড়তে পারে গরম

মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই তাপপ্রবাহ কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।

ফলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে অঞ্চলভেদে গরমের অনুভূতিতে পার্থক্য থাকতে পারে।