আওয়ামী লীগের মিছিল কাণ্ডে ব্যর্থতায় গুলশানের ডিসি ও ওসি প্রত্যাহার

Sadek Ali
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:৩৫ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর গুলশানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলা ও ব্যর্থতার অভিযোগে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত কর্মকর্তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত হয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের নির্দেশে এবং উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলীর স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে এই নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী, ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার তানভীর আহমদ ও গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দের পূর্বাহ্নে নিজ নিজ দায়িত্ব হস্তান্তর করে সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন: বৈদেশিক ঋণের বোঝা ভবিষ্যৎ প্রজন্মকেও বহন করতে হবে: অতিরিক্ত প্রেস সচিব

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার গুলশানের ভোলা মসজিদের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সরকারি নিষেধাজ্ঞা ও সতর্কতা সত্ত্বেও ওই এলাকায় মিছিল ঠেকানোর ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বড় ধরনের শৈথিল্য ও ব্যর্থতা চিহ্নিত করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, নিষিদ্ধ দলের পক্ষ থেকে মিছিল করার বিষয়ে আগের রাতেই ডিএমপি সদর দপ্তর থেকে আগাম বার্তা বা গোয়েন্দা তথ্য দেওয়া হয়েছিল। কিন্তু মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো ধরনের আগাম বা কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করায়, সমর্থকরা নির্বিঘ্নে মিছিল ও তৎপরতা চালানোর সুযোগ পায়। এই প্রশাসনিক ব্যর্থতার কারণেই তাদের তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’