রাজধানীতে ভোর থেকে বজ্রসহ বৃষ্টি, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি
রাজধানীর বিভিন্ন এলাকায় ভোর থেকে বজ্রসহ বৃষ্টি হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়, এ সময়ে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: ডিসেম্বরে বাড়বে শীতের দাপট, আসতে পারে ৬টি শৈত্যপ্রবাহ
এদিকে বৃষ্টির প্রভাবে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।





