ডিসেম্বরে বাড়বে শীতের দাপট, আসতে পারে ৬টি শৈত্যপ্রবাহ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৬ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোরের কুয়াশা, ঘাসের ডগায় জমে থাকা শিশির আর হিমেল বাতাস—প্রকৃতিতে ধীরে ধীরে জানান দিচ্ছে শীতের আগমন। দেশের উত্তরাঞ্চলে শীতের অনুভূতি বাড়তে শুরু করলেও রাজধানী ঢাকায় এখনো পুরোপুরি জেঁকে বসেনি শীত। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, ডিসেম্বর থেকে বাড়তে পারে শীতের তীব্রতা। এবারের শীত মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রাজধানীর বাইরে হেমন্তের হিমেল হাওয়ার ছোঁয়া কিছুটা বেশি অনুভূত হচ্ছে। অন্যদিকে ঢাকায় রাতের দিকে ঠান্ডা বাতাস বইলেও দিনের বেলায় এখনো তুলনামূলক উষ্ণ আবহাওয়া বিরাজ করছে। ভোরে হালকা কুয়াশা ও শিশিরের উপস্থিতি অবশ্য শীতের আগমনী বার্তা দিচ্ছে।

আরও পড়ুন: রাজধানীতে ভোর থেকে বজ্রসহ বৃষ্টি, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ওই সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। পাশাপাশি কমতে শুরু করেছে রোদের তীব্রতা।

আবহাওয়াবিদদের মতে, ভৌগোলিক অবস্থানের কারণে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব আগে অনুভূত হয়। তবে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে এবার অনুভূত তাপমাত্রায় ভিন্নতা দেখা যেতে পারে।

আরও পড়ুন: দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

এদিকে কংক্রিটের নগরী ঢাকায় এখনো শীতের উপস্থিতি বেশ সীমিত। রাতে কিছুটা ঠান্ডা বাতাস অনুভূত হলেও দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকছে। তবে ঢাকা ও কয়েকটি বিভাগের আকাশ মেঘলা থাকায় কোথাও কোথাও বৃষ্টিও হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ সক্রিয় রয়েছে। এর প্রভাবে বুধবার সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে এবং দেশের অন্যান্য ছয় বিভাগের বিচ্ছিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে বৃষ্টির এই পরিস্থিতির পরও শীতের মূল প্রভাব বাড়তে পারে ডিসেম্বর থেকে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এবারের শীত মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ফলে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীতপ্রবণ এলাকাগুলোতে জনজীবনেও এর প্রভাব পড়তে পারে।