নির্মাণাধীন এক্সপ্রেসওয়ের ক্রেন থেকে কনটেইনার পড়ে শ্রমিক নিহত
রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণিতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন থেকে কনটেইনার ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন শামীম মিয়া (৩৯) নামে এক শ্রমিক।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তেজকুনীপাড়া রেলকলোনীসংলগ্ন বিজয় সরনী ফ্লাইওভারের নিচে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৩৪৮ ও ৩৪৯ নম্বর পিলারের মাঝে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। নিহত শামীম মিয়া নরসিংদী রায়পুরা উপজেলার সাদাঘর কান্দি গ্রামের আলী হোসেনের সন্তান।
আরও পড়ুন: হান্নান মাসউদের পথসভায় ইট নিক্ষেপ, আহত ২
ওসি মোহাম্মদ মহসিন বলেন, তেজকুনীপাড়া রেলকলোনীসংলগ্ন বিজয় সরণী ফ্লাইওভারের নিচে ক্রেন দিয়ে কনটেইনার সরানোর সময় শামীম মিয়া নামে এক শ্রমিকের উপর কনটেইনার পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে মৃত শ্রমিককে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ক্রেন অপারেটর আজহারুল ইসলাম সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।
আরও পড়ুন: সাবেক ছাত্রলীগ নেতা হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২





