বগুড়ায় ঘরে ঢুকে দুই নারীকে ছুরিকাঘাতে হত্যা, আহত এক কিশোরী
বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় ঘরে ঢুকে দুই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন কিশোরী। নিহত দুই নারী সম্পর্কে দাদী শাশুড়ি ও নাতি বউ।
বুধবার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।
আরও পড়ুন: করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট
নিহতরা হলেন—মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। আহত কিশোরী বুলবুলের মেয়ে বন্যা (১৬) বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের সদস্য মো. খোকন জানান, বন্যাকে দীর্ঘদিন ধরে সৈকত নামে এক যুবক বিরক্ত করছিল। ঘটনার দিন সন্ধ্যায় বাড়িতে কোনো পুরুষ না থাকায় সৈকত আরও সাত-আটজনকে নিয়ে বাড়িতে ঢুকে পড়ে। বন্যার ভাবী হাবিবা তাদের গালিগালাজ করলে প্রথমে তাকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এরপর বৃদ্ধ লাইলী বেওয়াকেও একইভাবে হত্যা করা হয়। বন্যা ছুটে এলে তাকেও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।
আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এখন পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
এ নির্মম ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।





