তাহিরপুর শান্তিপুরে নদীতে অবৈধ বালু উত্তোলনে পাঁচজনের কারাদণ্ড
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার রাতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তাহিরপুর থানা পুলিশের সদস্যরাও অভিযানে অংশ নেন।
অভিযানে অবৈধভাবে বালু কর্তন ও পরিবহনের দায়ে পাঁচজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাদের প্রত্যেককে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আরও পড়ুন: নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, ট্রেন সচল হতে সময় লাগবে আরও ৫ ঘণ্টা
দণ্ডপ্রাপ্তরা হলেন, তাহিরপুর উপজেলার বদরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে ফজর আলী (৫০), আমবাড়ি গ্রামের আলকাজ মিয়ার ছেলে আব্দুর রশিদ (৩১), হলহলিয়া চরগাঁও গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মিস্টার নুর (২৮), আমতৈল গ্রামের জহির আলীর ছেলে মিয়া চান (২২), একই গ্রামের মৃত কালা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৮)।
এছাড়া একই অভিযানে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে আরও একজনকে আটক করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী তাকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
আরও পড়ুন: গাড়ি নেই, বৃষ্টিতে ভিজে অপেক্ষা—বাইপাইলে ঈদযাত্রায় নাকাল মানুষ
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু বলেন, “কর্মস্থলে যোগদানের পর এটি আমার প্রথম মোবাইল কোর্ট অভিযান। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন জানান, “অবৈধ বালু উত্তোলন ও নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার রোধে আমাদের অভিযান সব সময় অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এসব অপরাধের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়া হবে।”





