টঙ্গীবাড়িতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

Sanchoy Biswas
মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৫২ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিএনপির দুই গ্রুপের মধ্যে নির্বাচনের প্রচারণা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কয়েকজন, তবে তাদের নাম জানা যায়নি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এই সংঘর্ষ ঘটে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দিঘীরপাড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকা শান্ত রয়েছে, জানিয়েছেন টঙ্গীবাড়ি থানা পুলিশ।

আরও পড়ুন: হেমায়েতপুরে সড়ক-ফুটপাত দখল: নিত্যদিনের যানজট, বাড়ছে জনদুর্ভোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১ টার দিকে দিঘীরপাড় বাজার বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। এর আগে একই দিন বেলা পোনে ১২ টার দিকে দিঘীরপাড় বাজার থেকে ধানের শীষের প্রচারণায় একটি মিছিল নিয়ে কামারখাড়া বাজারে গেলে সেখানে প্রথম দফায় স্থানীয় বিএনপি নেতা অলিউল্লাহ্ খান ও জেলা বিএনপি নেতা শামীম মোল্লার গ্রুপের সঙ্গে কথাকাটাকাটিতে হাতাহাতি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম দফার সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পরে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দিঘীরপাড় বাজার এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র প্রদর্শন করা হয়। সংঘর্ষের কারণে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: ঈশ্বরগঞ্জে ধান কেটে ফেরার পথে হামলা: আহত ১০

ঘটনার বিষয়ে জেলা বিএনপি সদস্য শামীম মোল্লা বলেন, “তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ওরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আমরা ধানের শীষের মিছিল নিয়ে যাচ্ছিলাম। ওরা আগে আক্রমণ করছে।” তবে অপর গ্রুপের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে টঙ্গিবাড়ি থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, “সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে কোনো গুরুতর আহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”