নবীগঞ্জে ব্যালট ছেঁড়ার অভিযোগে এক প্রবাসীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড

Sanchoy Biswas
স্বপন রবি দাশ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:২১ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অভিযোগে এক ইংল্যান্ডপ্রবাসীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহুল আমীন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আরও পড়ুন: সাভার মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল ইসলাম

ইউএনও জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি গোলাম রসুল (৪০) ভোটকেন্দ্রে প্রবেশ করে ভেতরের পরিস্থিতি নিয়ে আপত্তি তোলেন। একপর্যায়ে তিনি প্রকাশ্যে ভোট না দেওয়ার ঘোষণা দিয়ে একটি ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যরা তাকে আটকানোর চেষ্টা করলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তিতে জড়ান তিনি।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গোলাম রসুলকে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও রাষ্ট্রীয় সম্পদ নষ্টের অভিযোগে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত, শুনলেন শরণার্থীদের সংকট ও প্রত্যাবাসনের দাবি

প্রশাসনের তথ্য অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত গোলাম রসুল ইনাতগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় আহাদুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ইংল্যান্ডপ্রবাসী।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপির প্রার্থী রেজা কিবরিয়া ও স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়ার মধ্যে।

জেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। তারা বলেন, নির্বাচনী পরিবেশ নষ্টের কোনো প্রচেষ্টা সহ্য করা হবে না।