মাওনা চৌরাস্তায় ট্রান্সফরমার বিস্ফোরণে মার্কেটে অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ ৪
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন অগ্নিদগ্ধ হয়েছেন।
বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: আন্তর্জাতিক শ্রমিক দিবসে এপেক্স ক্লাবস অব বাংলাদেশের র্যালি ও শ্রমিকদের মাঝে উপহার বিতরণ
আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ পাঠানো হয়েছে।
এ সময় আশপাশের শপিং মলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শত শত মানুষ ছোটাছুটি করে যাওয়ার সময় পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আরও পড়ুন: নান্দাইলে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ২০২ হেক্টর বোরো ধান পানির নিচে
অগ্নিদগ্ধরা হলেন রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। তাঁদের আলহেরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, হঠাৎ করে বিকট শব্দে একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন শহিদ সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের ফুলকি ছিটকে গিয়ে কয়েকজন দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় আশপাশের মার্কেটের শত শত মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। অনেকেই ব্যবসাপ্রতিষ্ঠান ফেলে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। অনেকেই পড়ে গিয়ে আহত হয়েছেন।
আলহেরা হাসপাতালের পরিচালক ডা. আবুল হোসেন বলেন, অগ্নিদগ্ধ তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ফুলকি ছিটকে গিয়ে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। শত শত মানুষ ছোটাছুটি করায় বেশ কয়েকজন আহত হয়েছেন। গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল; বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল করিম বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফরমার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনের ফুলকি ছিটকে কয়েকজন আহত হয়েছেন। তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। আগুন পাশের তিনতলা ভবনে ছড়িয়ে পড়ে কয়েকটি দোকানপাটের মালপত্র পুড়ে গেছে।





