স্বাস্থ্যসেবায় স্বস্তি ফিরছে পৃথিমপাশায়, চিকিৎসকসহ ৪ জন পদায়ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে অবশেষে কার্যকর উদ্যোগ নিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সেখানে একজন চিকিৎসকসহ মোট ৪ জনকে পদায়ন করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান উপস্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন এবং পরদিন মঙ্গলবার (৩১ মার্চ) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল
নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ডা. সনজিত গোয়ালা (সহকারী সার্জন), যিনি সপ্তাহে ২ দিন দায়িত্ব পালন করবেন। এ ছাড়া জরিনা আক্তার (স্যাকমো) সপ্তাহে ৩ দিন, ফেরদৌসী আক্তার (উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার) সপ্তাহে ৩ দিন এবং মো. মাহবুবুর রহমান (অফিস সহায়ক) নিয়মিত দায়িত্ব পালন করবেন।
সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বিবেচনায় এনে এই পদায়ন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ কর্মস্থলের পাশাপাশি পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে সংযুক্তি হিসেবে দায়িত্ব পালন করবেন। স্থানীয় বাসিন্দারা এখন থেকে নিয়মিত স্বাস্থ্যসেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত





