বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন ৯ এপ্রিল

তিনদিন মোটরসাইকেল নিষিদ্ধ, নির্দিষ্ট সময়ে অন্যান্য যানেও নিয়ন্ত্রণ

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ৬:৩৫ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর যান চলাচল নিয়ন্ত্রণে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে নির্দিষ্ট সময়ের জন্য মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

আসন্ন নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও নিয়ন্ত্রিত রাখতে বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে মঙ্গলবার (৭ এপ্রিল) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সড়ক বিভাগের সচিব বরাবর একটি চিঠি পাঠিয়েছেন বলে ইসি সূত্রে জানা গেছে ।

আরও পড়ুন: সোনাগাজীতে বীরমুক্তিযোদ্ধার বিধবার জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণকে কেন্দ্র করে নির্বাচনের আগের দিন রাত ১২টা থেকে ভোটের দিন রাত ১২টা পর্যন্ত (৮ এপ্রিল রাত ১২টা থেকে ৯ এপ্রিল রাত ১২টা) পিকআপ, মাইক্রোবাস, ট্রাক, ট্যাক্সি ক্যাব ও প্রাইভেটকার চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

এর পাশাপাশি, নির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ৭ এপ্রিল রাত ১২টা থেকে ১০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত টানা তিনদিন মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

আরও পড়ুন: দড়ি ধরে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মারা গেছেন

তবে এ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনিক কাজে নিয়োজিত যানবাহন এবং অনুমোদিত পর্যবেক্ষকদের যান। এছাড়া জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স, ওষুধ ও চিকিৎসা সামগ্রী পরিবহনকারী যানবাহন, সংবাদপত্র পরিবহন এবং দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। দূরপাল্লার যাত্রীদের স্থানীয় পর্যায়ে যাতায়াতের ক্ষেত্রেও শর্তসাপেক্ষে ছাড় দেওয়া হয়েছে।

নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং তার নির্বাচনি এজেন্টের জন্য একটি যানবাহন (জিপ, কার বা মাইক্রোবাস) ব্যবহারের অনুমতি থাকবে। তবে এসব যানবাহন রিটার্নিং কর্মকর্তার অনুমোদনপ্রাপ্ত হতে হবে এবং নির্ধারিত স্টিকার প্রদর্শন বাধ্যতামূলক।

এছাড়া সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক এবং জরুরি প্রয়োজনে ব্যবহৃত যানবাহন বা মোটরসাইকেলও নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে। প্রয়োজন অনুযায়ী অন্যান্য যানবাহনও বিশেষ অনুমতির ভিত্তিতে চলাচলের সুযোগ পাবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

নির্বাচনকে ঘিরে এসব বিধিনিষেধ কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

উল্লেখ্য,  ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয়  নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনটি রেখে দেন। এতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। অপরদিকে নির্বাচনের আগেই শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মারা গেলে ১২ ফেব্রুয়ারি ওই আসনে নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। এই দুই আসনে আগামী ৯ এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে