রামেকে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরে এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ৫০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে, যা পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত
হাসপাতাল সূত্রে জানা গেছে, একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৪ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জনে। চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী ভর্তি হয়েছেন।
গত এক সপ্তাহের পরিসংখ্যানে দেখা যায়, প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার চারজন, বুধবার তিনজন, মঙ্গলবার একজন, সোমবার দুইজন, রোববার দুইজন, শনিবার তিনজন এবং শুক্রবার একজন শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
চিকিৎসকদের মতে, আক্রান্তদের বড় অংশই শিশু, যারা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিতে রয়েছে। জ্বর, ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেরি হলে জটিলতা বাড়তে পারে এবং মৃত্যুঝুঁকিও বৃদ্ধি পায়।
বিশেষজ্ঞরা হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার, আক্রান্তদের আলাদা রাখা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। তাদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে।





