সিলেট সীমান্তে ফের খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Sanchoy Biswas
সিলেট ব্যুরো
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৪৪ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬
নিহত বাংলাদেশী যুবক।  ছবি: সংগৃহীত
নিহত বাংলাদেশী যুবক। ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় খাসিয়াদের বন্দুকের গুলিতে সিলেটি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সীমানা পিলার থেকে প্রায় ১ কিলোমিটার অভ্যন্তরে ভারতীয় খাসিয়াদের সুপারি বাগানে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: উঁচুনিচু সড়কে প্রতিদিনই মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কারের দাবি

নিহত যুবকের নাম সালেহ আহমেদ জয়ধর (৩০)। তিনি কোম্পানীগঞ্জের দয়ারবাজার সংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা।

শুক্রবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ফরিদপুরে হামের সংক্রমণ বাড়ছে, আক্রান্ত ২০০

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নিহত সালেহ আহমেদ আরও দুই সহযোগীসহ মাদকের চালান আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন।

এ সময় তাঁরা ভারতের অভ্যন্তরে চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে ভারতীয় খাসিয়া সম্প্রদায় তাঁদের ‘সুপারি চোর’ সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের সঙ্গে থাকা অপর দুই যুবক সুমন মিয়া (২৫) এবং মাসুম আহম্মদ (২০) সালেহ আহমদের মরদেহ বহন করে বাংলাদেশে নিয়ে আসেন। সঙ্গে থাকা দুই যুবক নাজিরগাঁও গ্রাম ও কারবালারটুক গ্রামের বাসিন্দা।

বিজিবি আরও জানায়, নিহত যুবকসহ তিনজন দীর্ঘদিন থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আনা-নেওয়ার (চোরাচালান) কাজের সঙ্গে জড়িত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে লাশ সুরতহাল করার জন্য।

উল্লেখ্য, গত ১ এপ্রিল একই উপজেলার সাদ্দাম হোসেন নামের এক বাংলাদেশি যুবক ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন। নিহত সাদ্দাম হোসেন, উত্তর রণীখাই ইউনিয়নের লামা উত্তমা গ্রামের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা কুটু মিয়ার ছেলে।