জিসিসি পৌনে দুই লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেবে

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:২৫ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) নিজস্ব ব্যবস্থাপনায় পৌনে দুই লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। সোমবার সকালে জেলা শহরের জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জিসিসি প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

জিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, জিসিসি অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।

আরও পড়ুন: ঈশ্বরদীর পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ জন গুলিবিদ্ধ

সভায় জানানো হয়, জিসিসির ৮টি অঞ্চলের মধ্যে ৫টি অঞ্চল—১, ২, ৩, ৪ ও ৬-এর আওতাধীন ৪০টি ওয়ার্ডের ২৭ হাজার ৮২ জন শিক্ষার্থী এবং ১ লাখ ৪৯ হাজার ৪৯ জন কমিউনিটি শিশুসহ সর্বমোট ১ লাখ ৭৬ হাজার ১৩১ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। নির্ধারিত পাঁচটি স্থায়ী ও ১২৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে, ৫টি মপ-আপ টিমের মাধ্যমে টিকা থেকে বাদপড়া শিশুদের খুঁজে বের করে এবং কর্মজীবী নারীদের সন্তানের জন্য বিশেষ ব্যবস্থাপনায় সান্ধ্যকালীন টিকাদান টিমের মাধ্যমে উদ্দিষ্ট শিশুদের হাম-রুবেলা টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জিসিসির অবশিষ্ট ৩টি অঞ্চল (কোনাবাড়ি, কাশিমপুর, কাউলতিয়া) এলাকায় মোট ৮১ হাজার ৭৭১ জন শিশুকে গাজীপুর সিভিল সার্জন অফিসের ব্যবস্থাপনায় টিকাদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত মোট ১৪ কার্যদিবসে ওই টিকাদান ক্যাম্পেইন চলবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান নিশ্চিত করে রোগ প্রতিরোধ এবং হাম-রুবেলামুক্ত গাজীপুর মহানগরী গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: ৩ মে থেকে ধান-চাল-গম সংগ্রহ শুরু করবে সরকার, লক্ষ্যমাত্রা ১৮ লাখ টন

উল্লেখ্য, একই সময়ে গাজীপুর সিভিল সার্জন অফিসের ব্যবস্থাপনায় জিসিসির ওই তিনটি অঞ্চল ও জেলার পাঁচটি উপজেলা এলাকায় ৩ লাখ ৮১ হাজার ৭৬৮ শিশুকে টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।