ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে বালুচাপা দেওয়ার অভিযোগ

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ন, ১৩ মে ২০২৬ | আপডেট: ১:৪০ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীর সদর উপজেলার শর্শদী ইউনিয়নের পশ্চিম জের কাছাড় এলাকায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে এক প্রবাসীর স্ত্রীর বালুচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত শিরিন আক্তার (৩৫) ওই এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ মানিকের স্ত্রী। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামী বিদেশে থাকায় সন্তানদের নিয়ে তিনি ভাড়া বাসায় বসবাস করতেন। পাশেই তাদের নতুন বাড়ির নির্মাণকাজ চলছিল।

আরও পড়ুন: ‎করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেল থেকে শিরিন আক্তারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে সন্তানরা নির্মাণাধীন বাড়িতে গিয়ে সন্দেহজনক অবস্থা দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় সেখানে থাকা বালু সরালে শিরিন আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিয়োজিত এক শ্রমিক ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। ঘটনার পর থেকে ওই শ্রমিক পলাতক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।