ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির ফাঁকা গুলি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গুলির শব্দে চোরাকারবারিরা পিছু হটে ভারতে পালিয়ে যান।
বৃহস্পতিবার (২২ মে) দিনগত রাত আড়াইটার দিকে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীন কুচলিবাড়ি ইউনিয়নের কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: ফেনীতে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাদকবিরোধী অভিযানে সক্রিয় অধিদপ্তর
বিজিবি জানায়, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধীন কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম চলাকালে মেইন পিলার-৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় একটি চোরাকারবারী দলকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে ওই এলাকার মেইন পিলার-৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল বিজিবির একটি দল। এ সময় ভারতীয় কাটাতারের বেড়া ছেদ করে বাংলাদেশে প্রবেশ করতে থাকা একটি চোরাকারবারী দলকে দেখতে পায় বিজিবি সদস্যরা।
আরও পড়ুন: মাদকের ভয়াবহ বিস্তার, সাভারের ওসি প্রত্যাহার
পরে বিজিবি সদস্যরা চোরাকারবারীদের বাংলাদেশ সীমান্তে প্রবেশে সতর্ক করলে তা অমান্য করে প্রবেশের চেষ্টা করতে থাকে এবং নির্দেশ অমান্য করে বিজিবির দিকে এগিয়ে আসতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও চোরাকারবারীদের সতর্ক করতে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এ সময় ফাঁকা গুলির শব্দে চোরাকারবারীরা দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।





