দীর্ঘদিন পর নতুন এমডি পেল চট্টগ্রাম ওয়াসা, দায়িত্বে সেলিম মো. জানে আলম

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ন, ২৬ মে ২০২৬ | আপডেট: ১২:০০ অপরাহ্ন, ২৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিন পর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পেল চট্টগ্রাম ওয়াসা। প্রতিষ্ঠানটির নতুন এমডি হিসেবে সেলিম মো. জানে আলমকে নিয়োগ দিয়েছে সরকার।বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মো. মাকসুদ আলম। তিনি জানান, সেলিম মো. জানে আলম প্রথমে মন্ত্রণালয়ে যোগদান করবেন এবং পরবর্তীতে চট্টগ্রাম ওয়াসায় দায়িত্ব গ্রহণ করবেন।সেলিম মো. জানে আলম এর আগে অ্যাসোসিিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এবি) চট্টগ্রাম বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নিয়োগের মাধ্যমে দীর্ঘ সময় পর চট্টগ্রাম ওয়াসায় নতুন নেতৃত্ব আসছে।এর আগে চট্টগ্রাম ওয়াসার এমডি হিসেবে দায়িত্বে ছিলেন এ কে এম ফজলুল্লাহ। আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার নিয়োগ পাওয়া ফজলুল্লাহর নিয়োগ অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের ৩০ অক্টোবর বাতিল করা হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে আগামী এক বছরের জন্য সেলিম মো. জানে আলম চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান সব ধরনের কর্ম-সম্পর্ক ছিন্ন করতে হবে।প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।