বাউফলে অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে বিএনপি, মানবিক উদ্যোগে প্রশংসায় এলাকাবাসী
পটুয়াখালীর বাউফলে বাবা-মা হারিয়ে মানবেতর জীবনযাপন করা তিন প্রতিবন্ধী সহোদরের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। তাদের এক মাসের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার ধূলিয়া ইউনিয়নের আলোকচাঁদকাঠী গ্রামে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মো. তারিকুল ইসলাম (মোস্তফা), সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আসাদুর রহমান (আসাদ), বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
সহায়তা সামগ্রীর মধ্যে ছিল ৫০ কেজি চাল, ৫ কেজি ডাল, ১৫ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি সয়াবিন তেল, ৩টি লুঙ্গি, ৩টি গেঞ্জি, ৩টি গামছা, ২ কেজি মুড়ি, ৮ কার্টন বিস্কুট, ৩ প্যাকেট চানাচুর এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী। সহায়তা গ্রহণ করেন মৃত রতন দাসের তিন প্রতিবন্ধী ছেলে—নিদু দাস, সাধন দাস ও রিপন দাসের বড় ভাই সুজন দাস।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-মায়ের মৃত্যুর পর দীর্ঘদিন ধরে চরম কষ্টে দিন কাটছিল ওই তিন ভাইয়ের। তাদের জীবনসংগ্রামের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন সহায়তার হাত বাড়িয়ে দেয়।
আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
এ বিষয়ে স্থানীয় তরুণ অমিত দাস জানান, তিন ভাইয়ের অসহায় অবস্থা দেখে তিনি তাদের জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নেন। তার প্রচেষ্টায় ইতোমধ্যে প্রায় ৬ লাখ ৫৫ হাজার টাকা অনুদান সংগ্রহ হয়েছে।
অমিত দাস বলেন, “তিন ভাইকে বাবা-মায়ের কবরের পাশে বসে কান্না করতে দেখে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। এরপরই আমি সহযোগিতার আবেদন জানাই। উপজেলা প্রশাসন, সাংবাদিক এবং সমাজের সচেতন মানুষের সহায়তায় বিষয়টি সবার নজরে আসে।”
তিনি আরও বলেন, “আজ উপজেলা বিএনপির পক্ষ থেকে যে সহায়তা দেওয়া হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এই তিন ভাইয়ের নিরাপদ ও সম্মানজনক জীবনযাপনের জন্য সমাজের বিত্তবানদের আরও এগিয়ে আসা প্রয়োজন।”
উপজেলা বিএনপির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।





