কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ ইন) চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সীমান্তবাসীর তৎপরতায় সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে ১২ জন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা দ্রুত ব্যবস্থা নেয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।
পুশ ইন চেষ্টাকৃত ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু রয়েছে। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছে বলে জানা গেছে।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ভোরে ভারতীয় অংশ থেকে ১২ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয় জনগণ ও বিজিবি যৌথভাবে তা প্রতিহত করে।
প্রাগপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার আসাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১২ জনকে পুশ ইনের চেষ্টা করা হয়েছিল। তবে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা ও নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কোনো অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় সীমান্তবাসীরাও সহযোগিতা করছেন।
সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদস্যরা এলাকায় টহল অব্যাহত রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





