সিংগাইরে ১৫ দুস্থ পরিবারের পাশে সাত্তার ফাউন্ডেশন

Sanchoy Biswas
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬ | আপডেট: ৯:৪০ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১৫টি দুস্থ ও অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে সাত্তার ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির উদ্যোগে প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেল ৪টায় উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকায় মো. নজর আলী মেম্বারের বাড়িতে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি ও সাত্তার গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব এম এ সাত্তার খান।

আরও পড়ুন: ফেনীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বিতরণ হবে ২৫ হাজার চারা

এ সময় সাত্তার খান বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক মূল্যবোধ থেকেই সাত্তার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। মসজিদ, এতিমখানা ও বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের পাশাপাশি অসচ্ছল মানুষের চিকিৎসা সহায়তায়ও আমরা সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, অনেক পরিবার আর্থিক সংকটের কারণে কষ্টের মধ্যে জীবনযাপন করছে। তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই আমাদের এই উদ্যোগ।

আরও পড়ুন: সোনাগাজী প্রেসক্লাবের নতুন নেতৃত্বে মেহেদী–রহিম

সহায়তা পেয়ে ৯০ বছর বয়সী আছিয়া বেগম বলেন, আমার নিজের কোনো বাড়ি নেই। অন্যের জায়গায় থাকি। অনেক কষ্টে জীবনযাপন করছি। এক লাখ টাকা আমার জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। আমরা তার ও তার পরিবারের জন্য দোয়া করি।

অন্যান্য উপকারভোগীরাও ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মিরু, কেন্দ্রীয় নির্বাহী ছাত্র সমাজের সদস্য মো. জাফর আলী, জামির্ত্তা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. নজর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। সাত্তার ফাউন্ডেশনের এ উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার একটি অনুকরণীয় উদাহরণ।