রায়পুরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের এক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড, দখল, হামলা, মামলাবাজি ও ভূমিদস্যুতার অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ইউনিয়নের স্টিলব্রীজ থেকে উদমারা সড়কে আয়োজিত মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
আরও পড়ুন: বগুড়া শহর এখন হকারদের দখলে, প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা শাহজাহান কবিরাজের নেতৃত্বে তার সহযোগীরা এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভয়ভীতি প্রদর্শন, দখলবাজি, হামলা ও মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। এসব কারণে এলাকার মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তারা দাবি করেন। তারা প্রশাসন দ্রুত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিলে এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সাধারণ মানুষের জানমাল রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সৌদি আরব প্রবাসী মোঃ হুমায়ুন কবির ও তার মা শামছুন্নাহার বলেন, আমি প্রবাসে কষ্ট করে টাকা উপার্জন করে এলাকায় একটি ভবন নির্মাণ করছি। চাঁদা না দেওয়ায় গত ১৫ দিন ধরে আমার ভবনের নির্মাণকাজ বন্ধ করে রাখা হয়। এতে আমি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছি। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
আরও পড়ুন: ফেনীতে র্যাবের পৃথক অভিযানে ১৬ কেজি গাঁজা, ৯৪ বোতল বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার; গ্রেপ্তার ৩
মানববন্ধন শেষে হুমায়ুন কবির, জাকির, তফাজ্জল হোসেন, মুরাদ হোসেন, বৃদ্ধ জাহের মাঝি, বোরহান কবিরাজ ও শামছুন্নাহার বেগমসহ বিক্ষোভে অংশগ্রহণকারীরা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করা হয়।
তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতার বক্তব্যে জানতে চাওয়া হলে তিনি বলেন, এসব অপকর্মের সাথে আমি জড়িত নাই, স্হানীয় কিছু নেতাকর্মী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং আমাকে হেয় করার জন্য এই কাজ করছেন বলে জানান।





