সাংবিধানিকভাবে নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ

Sadek Ali
খোদাকাত হাসান
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:২৯ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

* ঐকমত্য গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধানমন্ত্রীর সংলাপ

* প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজ

আরও পড়ুন: নারী ক্রিকেটে যৌন হয়রানি উদ্বেগ-উৎকণ্ঠায় ক্রিকেটাররা

* জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শোধরাতে হবে: নাহিদ

* জুলাই আন্দোলনে আ'লীগের দল ও ব্যক্তিগত দায় খতিয়ে দেখা হচ্ছে: প্রসিকিউটর তামিম

আরও পড়ুন: স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জসহ অন্যান্য আক্রান্ত এলাকা

* দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ভবিষ্যৎ। দলটির সাংগঠনিক অবস্থান, সাংবিধানিক বৈধতা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও বিতর্ক। সংবিধান ও প্রচলিত আইনের আলোকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়টি কতটা সম্ভব, এ নিয়ে চলছে নানা আলোচনা। তবে প্রশ্ন উঠেছে-সত্যিই কি সাংবিধানিকভাবে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ, নাকি এটি রাজনৈতিক বাস্তবতার আরেকটি নতুন অধ্যায়। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। আইনজ্ঞরা বলছেন, সার্বভৌমত্ব বা জনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ সংগঠনকে নিষিদ্ধ করার এখতিয়ার রাষ্ট্রের রয়েছে। ফলে আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার চিন্তা-ভাবনা করছে সরকার। এদিকে, নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ড এবং জাতীয় ঐক্যের নতুন আহ্বানের পরিপ্রেক্ষিতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল। রবিবার দুপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদের সদস্য সারোয়ার তুষার এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া- জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে অতীতে নেওয়া পদক্ষেপের ভুল শুধরে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার বিষয়ে সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। একই সঙ্গে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে। এসব মৌলিক বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ হলেই কেবল জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব।

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে তাণ্ডবের প্রেক্ষিতে রাজনৈতিক-অরাজনৈতিক বিভিন্ন মহলে দাবি জোরালো হয়ে উঠেছে আওয়ামী লীগকে স্থায়ীভাবে (সাংবিধানিক) নিষিদ্ধ করার। নির্বাহী আদেশে আপাত নিষিদ্ধ আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে ১৯ নভেম্বর লালমনিরহাটে এক অনুষ্ঠানে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে আওয়ামী লীগকে 'সন্ত্রাসী গোষ্ঠী' হিসেবে অভিহিত করেছেন। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আ'লীগের চলমান নাশকতা কঠোরভাবে দমনের দাবি জানিয়েছেন। জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতও বলছে, আওয়ামী লীগকে অতীতের অপরাধের দায় স্বীকার করে বিচারের মুখোমুখি হতে হবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আ'লীগকে 'সন্ত্রাসী সংগঠন' ঘোষণা করে বিচারের দাবি তুলেছে। 'গণঅধিকার পরিষদ' সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর আওতায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। গণহত্যাকারী পতিত ফ্যাসিস্ট আ'লীগের বিষয়ে ভিকটিম শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নেয়ার অধিকার কারো নেই-মর্মে মন্তব্য করেছে অরাজনৈতিক সংগঠন 'হেফাজতে ইসলাম বাংলাদেশ'। সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। গত শনিবার এক বিবৃতিতে তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়।

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের পক্ষের যুক্তি হিসেবে বিশ্লেষকরা সংবিধানের ৩৮ অনুচ্ছেদ ও 'সংগঠনের স্বাধীনতার সীমারেখা'র প্রসঙ্গ টেনে আনেন। তারা মনে করেন, বাংলাদেশের সংবিধানের ৩৮ অনুচ্ছেদে নাগরিকদের 'সংগঠনের স্বাধীনতা' দেয়া হলেও তা শর্তহীন বা অবাধ নয়। এই অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা হয়েছে, জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে' প্রত্যেক নাগরিকের সমিতি বা সংঘ গঠনের অধিকার থাকবে। আইনজ্ঞদের মতে, কোনো রাজনৈতিক দল যখন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নিজ দেশের নিরস্ত্র নাগরিকদের ওপর নির্বিচার হত্যাকাণ্ড চালায়, গুম-খুন ও রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করে, তখন তা সরাসরি সংবিধান বর্ণিত 'জনশৃঙ্খলা' ও 'নৈতিকতার' পরিপন্থী হয়ে দাঁড়ায়। ৩৮ অনুচ্ছেদের (গ) ও (ঘ) দফা অনুযায়ী, যেকোনো সংগঠন যদি রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব বা জনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ হয় কিংবা সন্ত্রাসী বা জঙ্গি কার্যে লিপ্ত থাকে। তবে আইন প্রণয়নের মাধ্যমে সেই সংগঠনকে নিষিদ্ধ করার পূর্ণ সাংবিধানিক এখতিয়ার রাষ্ট্রের রয়েছে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং সাম্প্রতিক সংশোধনী সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংজ্ঞা অনুযায়ী, দেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা এবং মানুষকে হত্যা বা গুরুতর জখম করা সরাসরি 'সন্ত্রাসী কার্য' হিসেবে গণ্য। আইনজীবীদের যুক্তি হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে এবং বিগত দেড় দশকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো (বিশেষত ছাত্রলীগ ও যুবলীগ) দলীয় সিদ্ধান্তে রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ক্যাডারদের ব্যবহার করে যেভাবে সহিংসতা চালিয়েছে, তা সন্ত্রাসবিরোধী আইনের ৬ ধারার অধীনে 'সন্ত্রাসী কর্মকাণ্ডের' সব শর্ত পূরণ করে। এই আইনের ১৮ ধারা অনুযায়ী, যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকার যেকোনো সত্তা বা সংগঠনকে তফসিলভুক্ত করে নিষিদ্ধ ঘোষণা করার ক্ষমতা রাখে।

জানা গেছে, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে স্থায়ীভাবে ও সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার দাবি এখন দেশের রাজনীতি ও আইন অঙ্গনে এখন আলোচ্য বিষয়। ইতোমধ্যে ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ এবং পরবর্তীতে ২০২৬ সালের এপ্রিল মাসে ত্রয়োদশ জাতীয় সংসদে পাস হওয়া সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিলের মাধ্যমে দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত রাখা হয়েছে। তবে সংবিধান ও প্রচলিত আইনের আলোকে দলটিকে স্থায়ীভাবে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে নিষিদ্ধ করার পক্ষে সুস্পষ্ট ও জোরালো যুক্তি তুলে ধরছে সকল সংসদীয় রাজনৈতিক দল, অরাজনৈতিক সংগঠন, সংবিধান বিশেষজ্ঞ ও আইনজীবীরা। সিনিয়র আইনজীবী ও সংবিধান বিশ্লেষকরা বলছেন, কেবল নির্বাহী আদেশে কার্যক্রম স্থগিত রাখাই যথেষ্ট নয়; ভবিষ্যতে যেন কোনো আইনি ফাঁকফোকর দিয়ে দলটি পুনর্বাসিত হতে না পারে, সেজন্য সংবিধানের ৩৮ অনুচ্ছেদের আলোকে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে স্থায়ীভাবে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা জরুরি। রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষায় এটি একটি অত্যাবশ্যকীয় সাংবিধানিক পদক্ষেপ। তবে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কথিত 'লকডাউন' এবং বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং প্রাণহানি ঘটায়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরানোর আলোচনা এবং ডিসেম্বর মাসে দেশে ফিরবেন-মর্মে হাসিনার ঘোষণার পর দলটি বাসে, বাসাবাড়িতে অগ্নিসংযোগ, সরকারদলীয় নেতা-কর্মী হত্যা শুরু করে।

এদিকে, জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দল হিসেবে আওয়ামী লীগের পাশাপাশি দলটির নেতাকর্মীদের ব্যক্তিগত দায় এবং ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ও খতিয়ে দেখছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দলগত সংশ্লিষ্টতা থেকে শুরু করে ব্যক্তির ভূমিকা এবং নেতৃত্ব পর্যায়ের দায়-সব দিক বিবেচনায় নিয়েই এগোচ্ছে তদন্ত। গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করছে। জুলাই আন্দোলনের সময় দলটির নেতাকর্মীদের দলগত সংশ্লিষ্টতা, ব্যক্তিগত দায় এবং সুপিরিয়র রেসপনসিবিলিটি বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়-সবকিছুই তদন্তের আওতায় রয়েছে। প্রসিকিউটর বলেন, জুলাই আন্দোলনের মধ্যে দলগত তাদের সংশ্লিষ্টতা আছে। ব্যক্তিগত দায় আছে। সুপিরিয়র দায় আছে। এগুলো নিয়েই আমাদের তদন্ত এগুচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে এ তদন্ত সারাদেশব্যাপী বিস্তৃত। দেশের ইতিহাসে এ ধরনের তদন্তের নজির নেই। ফলে পুরো তদন্তপ্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। দলটির প্রতিষ্ঠাতা ববি হাজ্জাজ পরবর্তী সময়ে এনডিএম ছেড়ে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বিএনপি সরকারে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। এরপর ২০২৫ সালের ৭ অক্টোবর তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছিলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এজন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং দ্রুত তদন্ত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেছিলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দল হিসেবে আওয়ামী লীগ অভিযুক্ত হলে কী ধরনের সাজা হতে পারে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তৎকালীন চিফ প্রসিকিউটর বলেছিলেন, প্রচলিত আইনে রাজনৈতিক দলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং নেতাকর্মীদের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে। চলতি বছরের ৭ জুলাই চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের বিষয়ে একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আওয়ামী লীগের সঙ্গে প্রাথমিক সংশ্লিষ্টতা রয়েছে বলেই তদন্ত শুরু হয়েছে। তদন্ত দল কাজ করছে এবং তদন্ত সম্পন্ন করতে সময় লাগবে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন আছে এবং গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে কিনা, সেটিও খতিয়ে দেখছে সরকার। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে 'ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান-২০২৬' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। একইদিন আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সেই উদ্যোগ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের পাশাপাশি ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। একইদিন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তারা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১২ দিনে দেশের ৫৮টি স্থানে ককটেল নিক্ষেপ করেছে আওয়ামী সন্ত্রাসীরা। আগুন দিয়েছে ৭৮টি পরিবহনে। ২৩ জেলায় নাশকতার পাশাপাশি ২টি ট্রেনে আগুন দিয়েছে। রেললাইন আগুনে পুড়িয়ে দিয়েছে। গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ করে। ১৯ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। ওইদিন বেশ কিছু গাড়িও পুড়িয়ে দেয়। গত ১৯ নভেম্বর চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ করে। এ ছাড়া ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ৩৭টি শাখায় অগ্নিসংযোগ করে। ১৮ ও ১৯ নভেম্বর গোপালগঞ্জের ঘোনাপাড়াসহ ঢাকা-খুলনা মহাসড়ক ও আঞ্চলিক সড়কে শত শত গাছ কেটে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করে রাখে। লগি-বৈঠা, রাম দা, কিরিচ, বল্লম, রডসহ দেশীয় অস্ত্রশস্ত্রসহ মিছিল করে নিষিদ্ধ দলটির সন্ত্রাসীরা। এ সময় রাজধানীসহ দেশের অন্তত ১৮টি জেলায় কমপক্ষে ৪ জন নিরীহ মানুষকে হত্যা করে। নিহতদের মধ্যে একজন বাস চালকের সহকারী এবং অপর তিনজন বিএনপির কর্মী। এ ছাড়া ফরিদপুরের ভাঙ্গায় রাজু মোল্লা এবং নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জাসাসের এক নেতাকে হত্যা করে আওয়ামী সন্ত্রাসীরা। প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজ: নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ড এবং জাতীয় ঐক্যের নতুন আহ্বানের পরিপ্রেক্ষিতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল। গতকাল রবিবার দুপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদের সদস্য সারোয়ার তুষার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে মধ্যাহ্নভোজের সময় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তুষার বলেন, দলটি প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে স্বাগত জানিয়েছে। তবে চার সদস্যের প্রতিনিধি দলের সদস্যদের নাম এখনও চূড়ান্ত হয়নি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে ফেরার পর প্রতিনিধি দলের সদস্য নির্ধারণ করা হবে। আমাদের আলোচনার মূল বিষয় হবে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি ক্ষমতাসীন বিএনপির ছাড় দেওয়ার বিষয়টি। পাশাপাশি ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণহত্যার বিচার এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিও জানাব আমরা, বলেন সারোয়ার তুষার। তুষার বলেন- এনসিপি মনে করে, এসব বিষয়ের পাশাপাশি আওয়ামী লীগকে দলটির ভাষায় ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনাও জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত। গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে উল্লেখ করে তিনি এ আহ্বান জানান।

জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শোধরাতে হবে: নাহিদ ইসলাম: জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে অতীতে নেওয়া পদক্ষেপের ভুল শুধরে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার বিষয়ে সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। একই সঙ্গে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে। এসব মৌলিক বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ হলেই কেবল জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব। অন্যথায় আওয়ামী লীগকে ঠেকানোর কথা বলে ডিসেম্বর মাসে জাতীয় ঐকমত্যের আহ্বান জানিয়ে জানুয়ারিতে একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করা হলে সেই প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না। তবে দেশের চলমান সংকটকালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বানে সাড়া দিয়ে আজ (সোমবার) এনসিপির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবে বলে তিনি জানিয়েছেন। যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন। ব্রিফিংয়ে সরকারের জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তারা জাতীয় ঐক্যের কথা বলে আসছিলেন, কিন্তু বিএনপি সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা না করে এবং নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে গণভোটের ৭০ শতাংশ জনগণের রায় ও জুলাই সনদের অঙ্গীকার ভঙ্গ করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি শুধু ডিসেম্বরে আওয়ামী লীগকে থামানোর জন্য জাতীয় ঐকমত্য চায় এবং জানুয়ারিতে একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলে, তবে সেই ধরনের কোনো প্রক্রিয়ায় এনসিপি অংশগ্রহণ করবে না। প্রধানমন্ত্রীর সঙ্গে আগামীকালের বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, দেশে একটি সংকটকাল চলছে। সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমরা অবশ্যই সাড়া দেব। প্রধানমন্ত্রী আসলে কী চাচ্ছেন এবং কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে চাচ্ছেন, মূলত সেটি শুনতেই আমরা আগামীকাল যাব এবং আমাদের সুস্পষ্ট প্রস্তাবগুলো তুলে ধরব। এর আগে ব্রিফিংয়ের শুরুতে নাহিদ ইসলাম তার ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্য সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, সফরে তিনি ও দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ অক্সফোর্ড, কেমব্রিজ ও সোয়াস ইউনিভার্সিটিতে সেমিনার করেছেন এবং হিউম্যান রাইটস ওয়াচ, ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ও ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। লন্ডনের মেফেয়ার ভেন্যুতে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় শেষে হামলার ঘটনার বিবরণ দিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, পূর্বপ্রস্তুতি ও পুলিশকে অবহিত করা সত্ত্বেও পতিত ফ্যাসিস্ট শক্তির নেতাকর্মীরা তাকে হত্যার উদ্দেশ্যে শারীরিক হামলা চালায়। তাকে রক্ষা করতে গিয়ে প্রবাসী শিক্ষার্থী ও পেশাজীবীসহ ১২ থেকে ১৩ জন আহত হন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এ বিষয়ে যুক্তরাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং তারা আইনি পদক্ষেপ নেওয়া শুরু করেছে বলে তিনি জানান। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের গত সাত মাসের ব্যর্থতাকে দায়ী করে তিনি বলেন, দেশ ও বিদেশে একই কায়দায় অরাজকতা তৈরি করা হচ্ছে এবং ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণের চেষ্টা চলছে। রাজপথে এই অপশক্তি মোকাবিলা করতে এনসিপির একার অবস্থানই যথেষ্ট বলে তিনি মন্তব্য করেন।