হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার ভারতীয় অবৈধ কসমেটিক্সসহ ট্রাক জব্দ

Sadek Ali
নুরুজ্জামান ভূইয়া, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১:২২ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ৩:০২ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫১ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ কসমেটিক্স (কাবেরী মেহেদী) ও একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, একটি নির্দিষ্ট ট্রাকে ভারতীয় অবৈধ পণ্য পরিবহনের গোপন তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

আরও পড়ুন: ‎ডাকাতের ভয়ে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর, অর্থনীতিতে বড় ধস

সকাল আনুমানিক ৭টার দিকে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকটি জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বরসংলগ্ন এলাকায় ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা স্থানীয়দের সহায়তায় পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেন।

তল্লাশির সময় ট্রাকের ভেতরে থাকা কার্টনের মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কাবেরী মেহেদী উদ্ধার করা হয়। এসব পণ্য অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে বিজিবি জানিয়েছে। উদ্ধারকৃত কসমেটিক্সসহ ট্রাকটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

আরও পড়ুন: অতি বর্ষণে বেড়ার চরাঞ্চলে সবজি পটল ক্ষেতের ব্যাপক ক্ষতি

বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় অবৈধ কসমেটিক্স ও ট্রাকের মোট সিজার মূল্য আনুমানিক ৫১ লাখ টাকা। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে। দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।