অতি বর্ষণে বেড়ার চরাঞ্চলে সবজি পটল ক্ষেতের ব্যাপক ক্ষতি

Sadek Ali
এস আর শাহ্ আলম, বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ৪:০২ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কয়েকদিনের ভারী বর্ষণে পাবনার বেড়া উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের কয়েকশ বিঘা জমির সবজি জাতীয় ফসল পটলের গাছ পানিতে পঁচে  বিনষ্ট হয়ে কৃষকের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে। চর সাঁড়াশিয়া গ্রামের কৃষক কাদের প্রাং বলেন, তাঁর দুই বিঘা জমির পটল গাছ বৃষ্টির পানি জমে গাছগুলো লাল হয়ে রং বিনষ্ট হয়ে মরে গেছে। এতে তিনি আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে।আরেক কৃষক খলিল মিয়া বলেন, ধারদেনা করে তিনি তিনবিঘা জমিতে পটল আবাদ করেছিলেন নিয়মিত পরিচর্যা এবং ঠিকঠাক মতো কীটনাশক দেওয়ায় ফলনও ভালো হয়েছিল। ভেবছিল ফসল বিক্রি করে পরের দেনা শোধ করে অবশিষ্ট টাকা দিয়ে সন্তানের লেখাপড়া সহ সাংসারিক যাবতীয় খরচ মিটাবে!  কিন্তু অসময়ে ভারী বর্ষণে তার সে স্বপ্ন ভেঙে  দীর্ণবিদীর্ণ হয়ে গেছে।

তিনি আরও বলেন শুধু আমি নই চরাঞ্চলে এমন অনেক কৃষকের কয়েকদিনের চলা ভারী বর্ষণে সবজি জাতীয় ফসল পটলের ক্ষেতে পানি জমে গাছের রং বিনষ্ট হয়ে গাছগুলো পঁচে গেছে।এতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে ভবিষ্যৎ চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন। সরেজমিনে কথা হয় চর নাগদাহ গ্রামের কৃষক ও স্থানীয় ইউপি সদস্য জাহিদ মোল্লার সাথে তিনি বলেন,তাঁর চার বিঘা জমির বেশিরভাগ পটল ক্ষেতে ভারী বর্ষণের পানি জমে বিনষ্ট হয়ে পঁচে গেছে। তিনি আরও বলেন  চর নাগদাহ, চর পেচাকোলা, চর পাইখন্দ, চর সাঁড়াশিয়া , চর নাকালিয়া, চর সাফুল্লা, হাটাইল-আঁড়ালিয়া চরের কয়েকশ বিঘা জমির পটল গাছ ভারী বর্ষণে বিনষ্ট হয়ে মরে গেছে এখন খরায় জমি থেকে পানি নেমে গেলেও তাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের কোনো লাভ হবে না। পেচাকোলা গ্রামের কৃষক ও সমাজসেবক আ.রহমান ঠান্টু বলেন, বিগত এক সপ্তাহের টানা ভারী বর্ষণের ফলে চরাঞ্চলের অনেক সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় স্থানীয় হাটবাজার গুলোতে  বিভিন্ন ধরনের শাক-সবজি তরকারির আমদানিও কম হচ্ছে, যাঁর ফলে বাজারে প্রতিটি সবজির মূল্য সাধারণ মানুষের নাগালের বাহিরে।

আরও পড়ুন: ‎ডাকাতের ভয়ে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর, অর্থনীতিতে বড় ধস

এ বিষয়ে বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবীর বলেন,  চরাঞ্চলের অধিকাংশ পটল ক্ষেতের পটল কৃষকরা ভারী বর্ষণের আগেই ঘরে তুলেছেন। অল্প কিছু জমির পটল গাছ পানিতে বিবর্ণ হয়ে নষ্ট হয়ে গেছে এটা আমিও শুনেছি। কয়েকদিন খরা হলে ঠিক হয়ে যাবে বলে তিনি এ  প্রতিবেদককে জানিয়েছেন।