সাড়ে ৭ মাসে জকিগঞ্জে উদ্ধার ৪১ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১১৩
সীমান্তবর্তী সিলেটের জকিগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধ দমনে ধারাবাহিক অভিযান চালিয়েছে পুলিশ। গত বছরের ৭ ডিসেম্বর ২০২৫ থেকে চলতি বছরের ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত প্রায় সাড়ে সাত মাসে পরিচালিত এসব অভিযানে ৪১ হাজারের বেশি ইয়াবা উদ্ধার এবং বিভিন্ন মামলায় মোট ১১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, এ সময়ে ৩২টি মাদক মামলায় ৪১ হাজার ৩৪৯ পিস ইয়াবা, প্রায় ১ হাজার ৮৭৫ গ্রাম গাঁজা, ৭৬ বোতল ভারতীয় ‘অফিসার্স চয়েস’ মদ এবং ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকার বেশি।
আরও পড়ুন: খাতা-কলমে পদ পূর্ণ, বাস্তবে চিকিৎসক সংকট,বাড়ছে রোগীর ভোগান্তি
চোরাচালানবিরোধী অভিযানে তিনটি মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৮ হাজার ১৮০ শলাকা বিদেশি নাসিরউদ্দিন বিড়ি এবং ১৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৮৩ হাজার ৮৬০ টাকা।
এ ছাড়া ডাকাতি, হত্যা ও অন্যান্য মামলায় ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ৬৫ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিও রয়েছেন।
আরও পড়ুন: তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
পুলিশের দাবি, নিয়মিত টহল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা এবং সীমান্ত এলাকায় নজরদারি জোরদারের ফলে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, “সাম্প্রতিক সময়ে পুলিশের মাদক ও অপরাধবিরোধী অভিযান আগের তুলনায় বেশি চোখে পড়ছে। এতে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত অভিযান অবশ্যই ইতিবাচক উদ্যোগ। তবে এই ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নিরপেক্ষভাবে আইন প্রয়োগ, কোনো নির্দোষ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন এবং অপরাধীদের বিরুদ্ধে সমানভাবে ব্যবস্থা নেওয়া হয়-সেটিও নিশ্চিত করা জরুরি।”
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জকিগঞ্জ থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। জনসাধারণের সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও এ অভিযান আরও জোরদার করা হবে।”





