নরসিংদীতে ভুয়া বিজিবি সদস্য গাঁজাসহ আটক
নরসিংদী শহরে আব্দুল্লাহ আল ফয়সাল (২৮) নামে এক ভুয়া বিজিবি সদস্যকে গাঁজা সহ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
সে কুমিল্লার মনোহরগঞ্জ থানার কাউতলা গ্রামের মিজানুর রহমানের ছেলে। এসময় তার কাছ থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জুলাই বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শহরের পূর্ব দত্তপাড়ার পুরাতন লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন একব্যক্তিকে ট্রলি ব্যাগ সহ আটক করে। এসময় তার ট্রলিব্যাগ তল্লাশিকালে ব্যাগের ভেতর রক্ষিত ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় সে পুলিশের কাছে নিজেকে বিজিবি সদস্য বলে পরিচয় দেয়। পরে তার বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় সে ভুয়া বিজিবি সদস্য পরিচয় দিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে গাঁজা বহন করে বিভিন্ন জায়গায় বিক্রি করতো।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বেও ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। জেলা পুলিশের এ ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।





