বোগদাদিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ১:৪২ পূর্বাহ্ন, ২৯ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের বোগদাদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত।

আরও পড়ুন: নান্দাইলে বিএনপি নেতার পরলোকগমনে তথ্য প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার গিয়াস উদ্দিন মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বেলাল হোসেন (ভিপি বেলাল), ছনুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক শেখ মুহাম্মদ হেলাল উদ্দিন, বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আলী, ছনুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইউছুপ আলমগীর, বোগদাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক, জেলা যুবদলের সদস্য আহসান উদ্দিন সুমন ও মোজাম্মেল হোসেন আরিফ।

বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানের মতো ছনুয়া ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মাস্টার গিয়াস উদ্দিন মীরের উদ্যোগে স্থানীয়ভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা-যমুনা মহাসড়কে গ্যাস লাইনে ফাটল, যান চলাচলে ধীর গতি

তারা আরও জানান, আগামী এক মাস পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা, শিক্ষা উপকরণ এবং সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতকারী শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করা হবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বেশি বেশি বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।