মেহেরপুরে মতবিনিময় সভায় ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান

অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করতে পারলে অন্যান্য জেলাও রক্ষা পাবে

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬ | আপডেট: ৪:৫৭ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, অনলাইন জুয়ার ক্ষেত্রে মেহেরপুর অনেক আগে থেকেই বিশেষ অবস্থানে আছে। আমি মনে করি, এসপি মেহেরপুর অনলাইন জুয়ার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা নেবেন। মেহেরপুরে যদি আমরা অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে শুধু এই জেলা নয়, অনেক জেলাই এর প্রকোপ থেকে রক্ষা পাবে বলে আমি মনে করি। পুলিশের একটি সাইবার ক্রাইম সেল যতটা উন্নত করা যাবে, সেক্ষেত্রে অনলাইন জুয়াসহ অন্যান্য বিষয়গুলো অনেকখানি আমরা সুরাহা করতে পারব।  সোমবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। যদি কোথাও ধর্ষণ হয়, আমার ইনস্ট্যান্ট অর্ডার ২৪ ঘণ্টার মধ্যে আসামি ধরতে হবে, সে যে দল-মতেরই হোক না কেন। এবং দুই সপ্তাহ বা তারও কম সময়ের মধ্যে কোয়ালিটি চার্জশিট দাখিল করতে হবে। কোনো মতেই নারীদের প্রতি সহিংসতা মেনে নেওয়া যাবে না।

আরও পড়ুন: গাজীপুর সদর উপজেলায় জালিয়াতির মাধ্যমে সংখ্যালঘু পরিবারের জমি খারিজের অভিযোগ, মামলা বিচারাধীন

তিনি আরও বলেন, কিশোর গ্যাং বা উঠতি বয়সে যে ছেলেরা মেহেরপুরে অপরাধ করছে, তাদের থানায় ধরে নিয়ে অভিভাবককে ডেকে দরকার হলে মুচলেকায় তাদের ছেড়ে দিতে হবে। অভিভাবকদেরও দায়িত্বশীল হতে হবে। সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো এখানে পুলিশের একার নয়, এখানে সাংবাদিক সমাজেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বর্তমান গণতান্ত্রিক সরকারের পুলিশের প্রতি নির্দেশনা এটাই আইনশৃঙ্খলা অপরাধমুক্ত করতে পুলিশের যা যা করার, তাই করবে। এখানে দল-মত নির্বিশেষে সকলের সঙ্গে একই আচরণ করবে। এক্ষেত্রে সরকারের কোনো ধরনের ব্যারিয়ার আমাদের মধ্যে নেই। সমাজের কল্যাণের জন্য পুলিশ কাজ করবে, আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ কাজ করবে এটাই বর্তমান গণতান্ত্রিক সরকার চায়। আর এই লক্ষ্যেই আমরা এগোচ্ছি।

আরও পড়ুন: কুলাউড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী

জেলা পুলিশ আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জামিনুর রহমান খান, মেহেরপুর প্রেসক্লাব ,জেলা প্রেস ক্লাব  এর নেতৃবৃন্দও বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ।