চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাকটির মধ্যে সংঘর্ষ ঘটে।
আরও পড়ুন: টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব!
সংঘর্ষের পর দুটি যানবাহনই সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠায়।
আরও পড়ুন: বাতিল প্রার্থী কীভাবে চূড়ান্ত নির্বাচিত? ফ্যামিলি কার্ড নিয়োগে প্রশ্ন
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
দুর্ঘটনার পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।





