র‍্যাবের অভিযানে ১৭ লাখ টাকা ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১

Sadek Ali
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:৫৯ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৬৫২ বোতল মাদকদ্রব্যের সিরাপ, নগদ প্রায় ১৭ লাখ টাকা ও একটি মোটরসাইকেলসহ ইমন আহম্মেদ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইমন জীবননগর উপজেলার সীমান্তবর্তী নতুন পাড়া এলাকার জাহাঙ্গীর আলম এর ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১২। 

এর আগে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ৫৪২ বোতল স্ক্যার্ফ সিরাপ ও ১১০ বোতল উইনক্যারেক্স সিরাপসহ মোট ৬৫২ বোতল সিরাপ উদ্ধার করা হয়। এ সময় নগদ ১৬ লাখ ৭৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ইমনের বিরুদ্ধে জীবননগর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন: শৈলকুপায় সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

র‍্যাব জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা বদ্ধপরিকর।

ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার বলেন, মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে র‍্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুরের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: বাদামতলীর অবৈধ পার্কিং উচ্ছেদের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের