রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীকে মারধর: আনসার সদস্যদের সম্পৃক্ততা নেই
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসার সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
সোমবার (২১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাহিনীর পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ওই ঘটনায় আনসার সদস্যদের সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে প্রকাশিত প্রতিবেদনে আনসার সদস্যদের সম্পৃক্ততার তথ্য প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করেছে বাহিনীটি।
আরও পড়ুন: আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (RNB) সদস্যদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দাবি, ওই সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাত্রিকালীন পোশাক আনসার সদস্যদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী ভুলবশত তাদের আনসার সদস্য হিসেবে উল্লেখ করে স্লোগান দেন। পরে শিক্ষার্থীরা বুঝতে পারেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, আনসার সদস্য নন।
আরও পড়ুন: অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরাদেশ অনুযায়ী RNB-এর চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় কোনো আনসার সদস্যের সম্পৃক্ততা নেই। প্রকৃত তথ্য যাচাই না করে আনসার সদস্যদের এ ঘটনায় সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর এবং এতে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট সংবাদমাধ্যমসহ সবাইকে প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। একই সঙ্গে প্রকাশিত প্রতিবেদনে আনসার সদস্যদের সম্পৃক্ততার বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের আহ্বান জানানো হয়েছে।





