একাদশ শ্রেণির দুইশতাধিক শিক্ষার্থীকে বরণ করে নিল ন্যাশনাল আইডিয়াল কলেজ
উৎসাহ-উদ্দীপনা আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির দুইশতাধিক শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর টাউন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন: রাস্তা নিয়ে বিরোধের জেরে বাবা–মেয়েসহ ৩ জনকে ইয়াবা দিয়ে ‘ফাঁসানোর চেষ্টা’
অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীবৃন্দ।
কলেজের অধ্যক্ষের প্রফেসর রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসিবুল সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল আইডিয়াল কলেজের পরিচালক এডভোকেট নিজাম উদ্দিন মাহমুদ, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আব্দুল করিম, আবু তারেক, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ প্রমুখ।
আরও পড়ুন: বেতাগীতে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
তারা বলেন, বর্তমান যুগ প্রযুক্তির যুগ, তাই জ্ঞান-বিজ্ঞানের নতুন নতুন শাখার সাথে পরিচিত হয়ে নিজেদের চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করতে হবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি, নাটিকা ও নৃত্য পরিবেশন করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।





