‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর
বলিউডে এখন আলোচনার কেন্দ্রে সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’। রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশের পর থেকেই নতুন করে তৈরি হয়েছে কৌতূহল। পোস্টারে রণবীরকে একটি নীল গাড়ির ভেতর দেখা গেলেও দর্শকদের সবচেয়ে বেশি নজর কেড়েছে তার রক্তে ভেজা একটি হাত। রহস্যময় এই লুক সিনেমাটির গল্প নিয়ে ভক্তদের মধ্যে বাড়িয়েছে আগ্রহ।
পোস্টার প্রকাশের সঙ্গে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ আগামী ২১ জানুয়ারি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘Woh rutba, woh raub, woh junoon!’
আরও পড়ুন: নতুন ইতিহাসের হাতছানি টেলর সুইফটের
ইতোমধ্যে সিনেমাটির শুটিংও শেষ হয়েছে। শুটিং শেষ হওয়ার পর পুরো টিমকে নিয়ে আবেগঘন বিদায়পর্ব আয়োজন করেন বানসালি। এখন সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজে মনোযোগ দিচ্ছেন তিনি।
‘লাভ অ্যান্ড ওয়ার’কে বানসালির ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের সিনেমা হিসেবে বিবেচনা করা হচ্ছে। সিনেমাটিতে রণবীর কাপুর ও ভিকি কৌশলকে দুই শক্ত মানসিকতার সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। তাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকবে আলিয়া ভাট অভিনীত চরিত্র, আর সেই সম্পর্ক থেকেই তৈরি হবে জটিল এক প্রেমের গল্প।
আরও পড়ুন: ‘স্টার নাইট’-এ মামুনুর রশীদ জানাবেন জীবনের অজানা গল্প
সিনেমাটিকে ঘিরে অবশ্য অনেক আগে থেকেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। গত বছর থেকেই শুটিং সেটের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যে রণবীর কাপুর ও ভিকি কৌশলের বিমানবাহিনীর পোশাকে তোলা একটি ছবি ব্যাপক আলোচনার জন্ম দেয়। দুই অভিনেতার চরিত্র নিয়ে তখন থেকেই শুরু হয় নানা জল্পনা।
‘লাভ অ্যান্ড ওয়ার’ রণবীর কাপুর ও সঞ্জয় লীলা বানসালির পুনর্মিলনও বটে। ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন তারা। দীর্ঘ বিরতির পর আবারও বানসালির পরিচালনায় দেখা যাবে রণবীরকে। অন্যদিকে আলিয়া ভাটের সঙ্গে বানসালির এটি দ্বিতীয় সিনেমা। এর আগে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে একসঙ্গে কাজ করেছিলেন তারা।
এদিকে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পাশাপাশি রণবীর কাপুরের হাতে রয়েছে আরও একটি বড় প্রজেক্ট। নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’-এ ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমাটি ৬ নভেম্বর মুক্তির কথা রয়েছে।
অন্যদিকে আলিয়া ভাটকে সর্বশেষ দেখা গেছে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অ্যাকশন-থ্রিলার ‘আলফা’তে। ভিকি কৌশলকে সর্বশেষ দেখা গেছে ‘কেসরি চ্যাপ্টার ২’-এ। সব মিলিয়ে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম পোস্টারই যে দর্শকদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করেছে, তা বলাই যায়।





