নিকলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার, ২১ দিনের কারাদণ্ড

Sanchoy Biswas
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:০৯ পূর্বাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলীতে মাদকবিরোধী অভিযানে মো. গিয়াস উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার নাশ্রীগ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গিয়াস উদ্দিন করিমগঞ্জ উপজেলার ইন্দ্রাচুল্লি মরিচখালী এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: ১৭ বছরের নিপীড়নের পরও দল আগলে রাখা নেতাকে শোকজ

পুলিশ সূত্রে জানা গেছে, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) শারীফুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তারের পর তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ২১ দিনের কারাদণ্ড দেন।

নিকলী থানার ওসি ইশতিয়াক আহমেদ বলেন, “আমি নতুন যোগদান করেছি। আশা করছি, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে নিকলীতে মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব। মাদক বিক্রেতা বা সেবনকারী যেখানেই থাকুক, এমনকি দুর্গম এলাকাতেও—তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করা হবে।”

আরও পড়ুন: ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখন থেকেই কাজ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে পুলিশ বিভিন্ন কৌশলে তথ্য সংগ্রহ করছে। এ কাজে রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা প্রয়োজন।

ওসি বলেন, “মাদক ব্যবসায়ী যতই প্রভাবশালী বা শক্তিশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

মাদকসংক্রান্ত সঠিক তথ্য পুলিশকে দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।