কিশোরগঞ্জে মেজর আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

Shahrier Islam Pallab
এম.এ. কিবরিয়া, ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৩৯ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা। শনিবার (৩ অক্টোবর) বাদ মাগরিব কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদী মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে পুরাতন স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী। বক্তব্যে তিনি মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জমজমের পানি ও লাগেজ নিয়ে বাগ্বিতণ্ডার ঘটনাকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

আরও পড়ুন: মানিকগঞ্জে কালিগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ: লাখো জনতার ঢল

তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ এবং অনিয়মের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি আরও  বলেন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলার কারণে মেজর (অব.) আখতারুজ্জামানকে মিথ্যা মামলায় ও কোনো পরোয়ানা ছাড়াই তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, বিদেশ থেকে আসা-যাওয়া করা যাত্রীদের লাগেজ হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে এবং বোর্ডিং পাসের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হয়। প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বিমানবন্দরে তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীকে বোমা দিয়ে ফাঁসানোর চেষ্টা, সাজানো ঘটনায় জালালের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

বিক্ষোভ মিছিলে জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা নায়েবে আমির মাওলানা মোহাম্মদ আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন, শহর আমির মাওলানা মোহাম্মদ আবদুল হক, সদর আমির মাওলানা নজরুল ইসলাম, শফিকুল ইসলাম মোড়লসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।