স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক করা সম্ভব নয়: নাহিদ ইসলাম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:০৩ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর মব বা সংঘবদ্ধ জনতার তৎপরতা বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বাস্তবে তা দেখা যাচ্ছে না।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীতে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

আরও পড়ুন: নৈরাজ্য ঠেকাতে রাজপথে বিএনপি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দায়িত্বে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে না।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, প্রায় আড়াই হাজার প্রার্থী নিয়োগ থেকে বাদ পড়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের কোনো সংশ্লিষ্টতা না থাকলে তাদের নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা উচিত।

আরও পড়ুন: কওমিপন্থী ঐক্যের রূপরেখা চায় হেফাজত

রাজধানীর রাড্ডা ক্লিনিকে হামলা ও দখলের প্রসঙ্গ টেনে এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, এটি বিএনপির ধারাবাহিক চাঁদাবাজির অংশ। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্য নিয়েও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তার দাবি, ওই বক্তব্যে বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার বিষয়গুলো যথাযথভাবে উঠে আসেনি। বরং সেখানে এমন কিছু দলীয় এজেন্ডা তুলে ধরা হয়েছে, যেগুলো ইতোমধ্যে ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে বলে তিনি দাবি করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, দেশের চলমান জ্বালানি সংকটের বিষয়টিও জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যথাযথভাবে তুলে ধরা হয়নি।

বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন এনসিপির আহ্বায়ক। তিনি দাবি করেন, সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো উল্লেখ ছিল না। একইভাবে পুশইন এবং রোহিঙ্গা সংকটের বিষয়েও পর্যাপ্ত আলোচনা হয়নি বলে মন্তব্য করেন তিনি।

রোহিঙ্গা সংকটের সমাধানে কী ধরনের উদ্যোগ নেওয়া হবে, সে বিষয়ে জাতিসংঘের বক্তব্যে স্পষ্ট দিকনির্দেশনা ছিল না বলেও দাবি করেন নাহিদ ইসলাম। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ার বিষয়টিও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হয়নি বলে মন্তব্য করেন তিনি।