প্রধানমন্ত্রীর বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট
রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর নিজ বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের ১ হাজার ইউনিট নিজস্ব কাজে ব্যবহার এবং ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডিডি (এলজি)-দের অংশগ্রহণে ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় তিনি এ তথ্য জানান। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে বরাদ্দ ৯ কোটি ৪৯ লাখ টাকা
মীর শাহে আলম বলেন, গত তিন দিনে প্রধানমন্ত্রীর বাসভবনের সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার ও জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। সরকারি ও জাতীয় ভবনের ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। এসব ভবনের নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ সরকারকে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
বিদ্যুৎ উৎপাদনকে ব্যবসা হিসেবে দেখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়ানো সম্ভব।
আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
দুর্গাপূজাকে সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো সুযোগ যাতে তৈরি না হয়, সে বিষয়ে মাঠপর্যায়ে ইউএনওদের সতর্ক থাকার আহ্বান জানান মীর শাহে আলম। তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না।
স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ইউএনওদের সর্বশক্তি প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
এ সময় ইউএনওদের জন্য ঐচ্ছিক তহবিলের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মীর শাহে আলম। তিনি বলেন, এলাকার দরিদ্র মানুষের তাৎক্ষণিক সহায়তার জন্য ইউএনওদের হাতে এমন তহবিল থাকা জরুরি। এ তহবিল থেকে দরিদ্রদের ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া সম্ভব হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থের জোগান দিতে না পারলে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাজস্ব আয় থেকে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করবে বলেও জানান তিনি।
বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়েও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধানে যাওয়ার কথা বলেন প্রতিমন্ত্রী।
মাঠপর্যায়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ইউএনওদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন কার্ড ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচি ইউএনওদের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। প্রতিবছর ডিসি সম্মেলনের মতো ইউএনওদেরও বার্ষিক সম্মেলন হলে উপজেলা পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন দাবি-দাওয়া সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা সম্ভব হবে।
সভায় বিএনপি সরকার জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী বলেও মন্তব্য করেন মীর শাহে আলম। তিনি বলেন, আগের সরকারের সময় সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে অনেক কর্মকর্তা চাকরি হারিয়েছেন। তবে বিএনপি সরকার কাউকে দিনের ভোট রাতে করা বা ডামি নির্বাচন করার নির্দেশ দেবে না।
মিরপুরের একটি ঘটনায় রাজনৈতিক ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ওই ঘটনায় উত্তরের একটি কমিটি বাতিল করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো সংসদ সদস্যের ব্যক্তিগত দায় সরকার নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন মীর শাহে আলম। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো সম্ভব হবে বলে জানান তিনি।





