এআই দিয়ে জাহ্নবীর বিকৃত ভিডিও, তীব্র প্রতিবাদ জানালেন বিজয় দেবেরাকোন্ডা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অভিনেত্রী জাহ্নবী কাপুরের একটি বিকৃত ভিডিও তৈরি ও ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা। ‘দেভারা’ সিনেমার জনপ্রিয় গান ‘চুট্টামাল্লে’-এর দৃশ্য ব্যবহার করে তৈরি ভিডিওটিতে জাহ্নবীর চেহারা ডিজিটালভাবে পরিবর্তন করে যৌন ইঙ্গিতপূর্ণ দৃশ্য তৈরি করা হয়েছে। মূল গানে এমন কোনো দৃশ্য ছিল না।
ঘটনাটি নিয়ে এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছেন ‘দেভারা’র অভিনেতা জুনিয়র এনটিআর। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন বিজয় দেবেরাকোন্ডাও। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড প্রযুক্তির অপব্যবহারের পাশাপাশি নারীর প্রতি ডিজিটাল নিপীড়নের শামিল।
আরও পড়ুন: কেমন আছেন তানিয়া বৃষ্টি? জানালেন নিজেই
বিজয় লেখেন, এ ধরনের কাজ সমাজের ‘চরম অধঃপতনের’ পরিচয়। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ঘটনা কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয়। একই সঙ্গে প্রশ্ন তোলেন—মানুষ কখন একে অপরের প্রতি এতটা সংবেদনশীলতা হারাল এবং এমন কী ধরনের সামাজিক পরিবেশ তৈরি হয়েছে, যেখানে অন্যকে হেয় করার মধ্যেও কেউ আনন্দ খুঁজে পায়? এআইয়ের অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিজয়। তার ভাষ্য, এআই মানুষের কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে যখন নানা আলোচনা-উদ্বেগের কারণ হয়ে উঠেছে, তখন কিছু মানুষ সেই প্রযুক্তিকেই ব্যবহার করছে এমন নোংরা কর্মকাণ্ডে। এ ধরনের ঘটনাকে তিনি ‘যৌন নিপীড়নের ডিজিটাল সমতুল্য’ বলে উল্লেখ করেন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
এদিকে এর আগে জুনিয়র এনটিআরও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন, বিকৃত ভিডিওটির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সম্ভাব্য সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভিডিওটি না দেখা, শেয়ার না করা এবং কোনোভাবেই এর প্রচারে সম্পৃক্ত না হওয়ার অনুরোধ জানান তিনি।
আরও পড়ুন: নতুন নাটকে মৌ
জুনিয়র এনটিআর বলেন, এআই ব্যবহার করে একজন নারীকে এভাবে হেয় করা অত্যন্ত লজ্জাজনক। শুধু ভিডিওটি তৈরি করা ব্যক্তিরাই নন, যারা এটি ছড়িয়ে দিচ্ছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি এআইয়ের অপব্যবহার ঠেকাতে কেন্দ্র ও রাজ্য সরকারগুলোর আরও কঠোর পদক্ষেপ এবং কার্যকর আইন প্রণয়নের আহ্বান জানান অভিনেতা।
প্রসঙ্গত, ‘চুট্টামাল্লে’ গানটি ২০২৪ সালে মুক্তি পাওয়া দেভারা সিনেমার অংশ। জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর অভিনীত রোমান্টিক গানটি দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। গানটির সুর করেছেন অনিরুদ্ধ রবিচন্দর, কথা লিখেছেন রামজোগাইয়া শাস্ত্রী এবং কণ্ঠ দিয়েছেন শিল্পা রাও। গানটির তামিল, হিন্দি, কন্নড় ও মালয়ালম সংস্করণও প্রকাশিত হয়েছে।
এখন এআই দিয়ে তৈরি বিকৃত ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে প্রযুক্তির অপব্যবহার এবং ব্যক্তির সম্মতি ছাড়া ডিজিটালভাবে আপত্তিকর কনটেন্ট তৈরির বিষয়টি। দুই অভিনেতার প্রকাশ্য প্রতিবাদে ঘটনাটি নিয়ে আরও জোরালো হয়েছে আইনি পদক্ষেপের দাবি।
সূত্রঃ এনডিটিভি





