করিমগঞ্জে অবৈধ রিং জাল জব্দ ও ধ্বংস, মোবাইল কোর্টের অভিযান
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় দেশীয় মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহার বন্ধে জোরালো পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের করণশী বাজার এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩টি অবৈধ রিং জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৬৫ হাজার টাকা।
অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন করিমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভির হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে রিং জাল জব্দ করার পর স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ও সাক্ষীদের সামনে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়।
আরও পড়ুন: জীবিত হয়েও পরিচয়পত্রে মৃত, স্বীকৃতির আশায় ৯ বছর ধরে ঘুরছেন আবুল কাসেম
করিমগঞ্জ উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, ক্ষতিকর রিং জাল ব্যবহারের কারণে ক্ষুদ্র ও প্রজননক্ষম মাছসহ বিভিন্ন জলজ প্রাণী ধ্বংসের মুখে পড়ে, যা এলাকার সামগ্রিক জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। তাই মৎস্যসম্পদ সংরক্ষণ ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের ক্ষতিকর জালের ব্যবহার রোধ করা জরুরি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ জালের বিস্তার রোধ ও দেশীয় মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
আরও পড়ুন: সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৩৫ জন গ্রেপ্তার করেছে পুলিশ





