নরসিংদীতে পৃথক অভিযানে দুইজন গ্রেফতার অস্ত্র ও গুলি উদ্ধার

Shahrier Islam Pallab
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:০৪ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী শহর ও শহরতলী এলাকায় পৃথক অভিযানে গুলি ভর্তি ম্যাগজিনসহ বিদেশি পিস্তলসহ একজন এবং এসআরবি'র হাতে ৭ বছরের কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ও এসআরবি-১১ (স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান)। 

গ্রেফতারকৃতরা হলেন :- শহরের পূর্ব  দত্তপাড়া এলাকার বাসিন্দা শাখায়াত হোসেন (২৯) ওরফে শখূ এবং সদর উপজেলার হাজীপুর গ্রামের সুভাষ চন্দ্র সরকার এর ছেলে ভজন চন্দ্র সরকার (৩৮)। এসময় শাখায়াত হোসেনের কাছ থেকে ৪ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: জীবিত হয়েও পরিচয়পত্রে মৃত, স্বীকৃতির আশায় ৯ বছর ধরে ঘুরছেন আবুল কাসেম

সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো.কলিমুল্লাহ এবং এসআরবি-১১ নরসিংদী'র পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্যাম্প কমান্ডার) মো. আরিফুল ইসলাম পৃথকভাবে তথ্যটি নিশ্চিত করেন। 

পুলিশ সূত্রে জানা যায়, ১১ অক্টোবর (রবিবার) রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শহরের পূর্ব দত্তপাড়া এলাকার শহীদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৪ রাউন্ড গুলি ভর্তি ১টি বিদেশি পিস্তল সহ শাখায়াত হোসেন (২৯) ওরফে শাখুকে গ্রেফতার করতে সক্ষম হন।

আরও পড়ুন: সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৩৫ জন গ্রেপ্তার করেছে পুলিশ

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো.কলিমুল্লাহ বলেন, গ্রেফতারকৃত আসামী একজন চিহ্নিত সন্ত্রাসী। এর আগেও ধৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে ২টি অস্ত্র মামলা ও ১টি মাদক মামলা রয়েছে। তিনি বলেন, জেলা পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্হানে রয়েছে এবং ধৃত আসামির বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত অস্ত্র আইনে এজাহার দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

অপরদিকে এসআরবি-১১ সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) দুপুর দেড়টায় সদর উপজেলার হাজীপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে  এসআরবি-১১ একটি দল অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানার মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ভজন চন্দ্র সরকার (৩৮) নামে এক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন। 

এসআরবি-১১ ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি নরসিংদী মডেল থানার মাদক মামলার ৭ বছরের কারাদন্ড প্রাপ্ত আসামি ছিলেন এবং দীর্ঘদিন যাবত সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক অবস্থায় ছিলেন। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১ একটি চৌকস দল তাকে গ্রেফতার করে সক্ষম হন। পরে তাকে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয় বলেও তিনি জানান।