রূপগঞ্জে নতুন সাব-রেজিস্ট্রি ভবন নির্মাণের আশ্বাস এমপি দীপুর

Sadek Ali
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:৫০ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসের জরাজীর্ণ ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। একই সঙ্গে জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে হাতছাড়া হওয়া জমি চিহ্নিত করে প্রকৃত মালিকদের অধিকার ফিরিয়ে দিতে সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় রূপগঞ্জ পশ্চিম সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, গত পাঁচ বছরে রূপগঞ্জের দুটি সাব-রেজিস্ট্রি অফিস থেকে সরকার দুই হাজার কোটি টাকা রাজস্ব পেয়েছে। অথচ এখনো জরাজীর্ণ ও ভাঙাচোরা স্থাপনায় জমি নিবন্ধনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে জমি রেজিস্ট্রি করতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে নতুন ভবন নির্মাণের ব্যবস্থা করা হবে।তিনি আরও বলেন, গত ১৭ বছরে অনেক মানুষ তাঁদের জমির মালিকানা হারিয়েছেন। জালিয়াতি কিংবা নানা অনিয়মের মাধ্যমে যেসব জমি দলিল করে দখল করা হয়েছে, সেসব দলিল খুঁজে বের করতে হবে। জমির প্রকৃত মালিকদের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। রূপগঞ্জের জমি রূপগঞ্জবাসীর কাছে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

আরও পড়ুন: চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে সাড়ে ৫ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ

রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, রূপগঞ্জ পশ্চিম সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার গোলাম মর্তুজা এবং রূপগঞ্জ পূর্ব সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মজিবুর রহমান।সমিতির সাধারণ সম্পাদক আবু মুহাম্মদ মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রূপগঞ্জ পশ্চিম ও পূর্ব সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক এবং স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় সংশ্লিষ্টদের মধ্যে পরিচিতি ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি জমি নিবন্ধন কার্যক্রমের বিভিন্ন সমস্যা এবং সেবাগ্রহীতাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।