এক লাখ টাকা ও তিন খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে অব্যাহতি
কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বিভিন্ন কমিটিতে পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ টাকা ও তিনটি খাসি নেওয়ার অভিযোগের পর এ সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সিকে এ দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক
চিঠিতে বলা হয়েছে, দলের বিভিন্ন কমিটিতে পদ দেওয়ার কথা বলে রমিজ উদ্দিনের আর্থিক সুবিধা নেওয়ার বিষয়টি সামনে এসেছে। এ নিয়ে জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আব্দুল অদুদ মুন্সিকে উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে এর আগেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। ২০২৪ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। পরে ক্ষমা চেয়ে আবেদন এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার পর তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল।
আরও পড়ুন: কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ-ভারতের মানুষের মিলনমেলা, জকিগঞ্জে দুর্গোৎসবের বিদায়
এদিকে, নতুন করে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মেঘনা উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতাকর্মী কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেমকে ধন্যবাদ জানান। তাঁরা যুগান্তরকে বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে দায়িত্ব পরিবর্তনের সিদ্ধান্তকে তাঁরা স্বাগত জানিয়েছেন। আব্দুল অদুদ মুন্সির নেতৃত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।
দায়িত্ব পাওয়ার পর আব্দুল অদুদ মুন্সি বলেন, দল তাঁর ওপর যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের চেষ্টা করবেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করে দলকে আরও শক্তিশালী করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
রমিজ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগটি সামনে আসে ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সদস্য মো. মোসলেম মোল্লার বক্তব্যের পর। তাঁর অভিযোগ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে রমিজ উদ্দিন তাঁর কাছ থেকে এক লাখ টাকা নেন। পাশাপাশি তাঁকে তিনটি খাসিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
সোমবার (১৯ অক্টোবর) এ ঘটনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়কের কাছে লিখিত অভিযোগ দেন মোসলেম মোল্লা। অভিযোগপত্রে তিনি দাবি করেন, পদ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার পাশাপাশি খাসি দেওয়ার বিষয়টির প্রমাণও তাঁর কাছে রয়েছে।
অভিযোগটি নিরপেক্ষভাবে যাচাই করে সত্যতা পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন মোসলেম মোল্লা। তবে অভিযোগের বিষয়ে চূড়ান্ত সত্যতা নির্ধারণের জন্য নিরপেক্ষ যাচাই প্রয়োজন।





