তুলার গোডাউনে ভয়াবহ আগুন, ক্ষতি ৫০ লাখ টাকা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ভাংতি স্ট্যান্ড এলাকার কুড়িপাড়ায় তুলার একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) ভোরে এই দুর্ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার ভোর ৩টা ২৮ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন এবং ভোর ৩টা ৪৫ মিনিটে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে আগুন নিয়ন্ত্রণে বন্দর ও কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের মোট চারটি ইউনিট যৌথভাবে অংশ নেয়।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ এতিমখানায়
নারায়ণগঞ্জ জোন-২-এর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালকের নেতৃত্বে এই নির্বাপণ কাজ পরিচালিত হয়। ফায়ার সার্ভিস কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৭টা ৪৫ মিনিটে সম্পূর্ণ নির্বাপিত হয়। পরবর্তীতে সকাল ৮টা ৫৮ মিনিটে ইউনিটগুলো নিজ নিজ স্টেশনে ফিরে যায়।
এ অগ্নিকাণ্ডে ৯টি টিনশেডের প্রায় ১৫ হাজার ২৫৮ বর্গফুটের তুলার গোডাউন এবং পাশের একটি দোতলা ভবনের আংশিক ক্ষতি হয়েছে। গোডাউনে থাকা তুলা, বৈদ্যুতিক তার, বিভিন্ন মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে। এছাড়া পাশের দোতলা ভবনের কাচের গ্লাসও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে প্রায় এক কোটি টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: ইনানীর টুপটুপ রিসোর্টে আগুনে ১০ পর্যটকের মৃত্যু
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।





